দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে তিন দিনের সফরে ভারতে এসেছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন। সোমবার নয়াদিল্লিতে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি চলাচল নিয়ে আলোচনা করেন তিনি।
সফরকে দুই দেশের সম্পর্কের আরও বিকাশের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন পারমেলিন। তিনি বলেন, ‘আমার এই সফর আরও প্রবৃদ্ধির পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ।’
গত বছর সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ও লিশটেনস্টাইন নিয়ে গঠিত ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন (ইএফটিএ)-এর সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির আওতায় আগামী ১৫ বছরে ভারতে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের লক্ষ্য রয়েছে ইএফটিএর।
চুক্তির ফলে শুল্ক কমার পাশাপাশি ভারতের কোম্পানিগুলোর জন্য চারটি ইএফটিএ দেশের বাজারে পণ্য রপ্তানি সহজ হবে। একই সঙ্গে ভারতীয় বাজারে ইউরোপীয় কোম্পানিগুলোর প্রবেশাধিকারও বাড়বে।
পারমেলিন বলেন, ‘আমরা একসঙ্গে কতটা পথ এগিয়েছি, তা উদযাপনের পাশাপাশি এখন আরও গুরুত্বপূর্ণ হলো আমাদের যৌথ ভবিষ্যৎকে কীভাবে গড়ে তুলব, তা নির্ধারণ করা।’
সোমবার যৌথ সংবাদ সম্মেলনে মোদি বলেন, ইএফটিএর সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পাদনে পারমেলিনের ব্যক্তিগত সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞ। তিনি জানান, সুইজারল্যান্ডে ভারতের রপ্তানি বাড়াতে বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে বিনিয়োগ আরও সহজ করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মোদির মতে, এর ফলে সুইজারল্যান্ডে ভারতের কৃষিপণ্য, ওষুধ, বস্ত্র ও প্রকৌশল পণ্যের রপ্তানি বাড়বে। পাশাপাশি বায়োটেকনোলজি, লাইফ সায়েন্স, ব্যাংকিং, বিমা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও টেকসই উন্নয়নসহ গুরুত্বপূর্ণ খাতে নতুন সুইস বিনিয়োগ আকৃষ্ট হবে।
এদিন দুই দেশ একটি মোবিলিটি চুক্তিও সই করেছে। মোদি বলেন, এর ফলে সুইজারল্যান্ডে ভারতীয় শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে অংশ নিতে ভারতে এসেছিলেন সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন।
সূত্র: এএফপি
এমএস/